আবোলতাবোল কৃষি ভাবনা

 

কৃষি ও কৃষক নিয়ে না ভাবলে চলে না?

হ্যা, চলেই তো! দিব্যি চলে যায়!

কারণ জাতে চাষা-ভূষা নেই মুখে ভাষা

মুখ ফুটে তাই টু শব্দটিও করেনা।

নীরবে নিভৃতে হৃদয়ের রক্তক্ষরণ

রাজন্যদের তাই চোখেও পড়েনা।

ভাবনা নেই, কৃষক অনন্যোপায় হয়ে

উৎপাদন যন্ত্রটা রাখবেই সচল।

কারণ তাদের আছে পেটের দায়,

দু’বেলা দু’মুঠো খেয়ে বেঁচে থাকার দায়।

ঝড়-ঝঞ্জা-বন্যা-খরা কিংবা করোনা

ওঁদের পথে বাধেনা কিছুই,

সব বাধা যায় মাড়িয়ে অবলীলায়

একাকী নিভৃতে জীর্ণ-ক্লিষ্ট কায়।

কাজেই আমাদের আহারের ভাবনা?

ভয় নেই, অভাব কখখনো হবে না!

তাই আপনারা নিশ্চিন্তে গার্মেন্টস

কিংবা শিল্পখাতগুলো নিয়েই ভাবুন।

কারণ, আপনাদের জিডিপির হিসেবে

কৃষির অবদান শতকে মাত্র পনের কি ষোল।

কাজেই এসব নিয়ে ভাবলে চলে?

শিল্পখাত বাড়ছে তড়তড়িয়ে

আমরাও চলেছি দুর্দম বক্ষ ফুলিয়ে

কৃষিনির্ভরতার দূর্ণাম ঘুচিয়ে অচিরেই

আমরা হবো শিল্পোন্নত এক জাতি।

আসুন আমরা সেই স্বপ্নে বিভোর হয়ে রই

কিছু উন্মাদ কৃষি ও কৃষক নিয়ে বৃথাই আকূল হই।

———————–

ময়মনসিংহ। ২.৪.২০