সার-সংকট দূর করার জন্য প্রয়োজন সদিচ্ছাপ্রসূত কৃষক-বান্ধব দীর্ঘমেয়াদি পরিকল্পনা

সার-সংকট দূর করার জন্য প্রয়োজন সদিচ্ছাপ্রসূত কৃষক-বান্ধব দীর্ঘমেয়াদি পরিকল্পনা

কৃষিপ্রধান এই বাংলাদেশের সীমিত পরিমান আবাদী জমি থেকে দিনরাত হাড়ভাঙ্গা খাটুনি খেটে, মাথার ঘাম পায়ে ফেলে, নিজে খেয়ে না খেয়ে, ১৬ কোটি মানুষের মুখে নিরন্তর অন্ন তুলে দিচ্ছে যারা সেই সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীর দুর্ভোগের যেন অন্ত নেই। পেটে ভাত নেই, পরনের কাপড় নেই, মাথা গুজার ঠাই নেই, ছেলেমেয়ের ভরণপোষণ ও লেখাপড়া শেখানোর অর্থ নেই – এমনি হাজারও সমস্যার সাথে এক নতুন মাত্রা যোগ করেছে চলমান সার সংকট। সারতো কোন বিলাস দ্রব্য নয় যে, এর চাহিদা মেটানোর দায় কোন ভাবে এড়িয়ে গেলেই হল। তাছাড়া, এটা শুধু কৃষকের একার সমস্যাই নয়, সারা দেশের খাদ্য নিরাপত্তার বিষয়টিও এর সাথে জড়িত। অথচ এই সারের দাবীতে কৃষকের জীবন পর্যন্ত বিসর্জন দিতে হয়েছে। যুগের পর যুগ ধরে চলমান এই দূর্ভোগ থেকে কৃষকের যেন মুক্তি নেই।

অথচ প্রয়োজনের অতিরিক্ত সারতো কৃষক চায়না। বরং প্রকৃত সত্য এই যে, প্রয়োজনীয় পরিমান সার কেনার সাধ্যও কৃষকের নেই। উচ্চ সুদে ঋণ নিয়ে বা মাঠের ফসল কম দামে আগাম বিক্রী করে দিয়ে বা খাদ্য ও বীজ হিসেবে ঘরে সঞ্চিত শস্য বিক্রী করে বা ধার-কর্জ করে বহুকষ্টে কৃষক সার কেনার অর্থ জোগাড় করে। তবু কেন এই সংকট, এর কি সমাধান আদৌ নেই! তাছাড়া এ সংকটতো নতুন নয়। বিগত সরকারগুলো বোধগম্য কারণেই এই সংকট সমাধানে কার্যকরী উদ্যোগ গ্রহন করেনি। কারণ তাদের চেলা চামুন্ডারা এই সংকটকে কাজে লাগিয়ে পকেট ভারি করার ধান্দা করেছে। কিন্তু বর্তমান অন্তবর্তীকালীন সরকারের আমলেও কেন একই চিত্র দেখা যাচ্ছে তা খতিয়ে দেখার দাবি রাখে। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হল রাজনৈতিক সরকারের মন্ত্রীদের মত বর্তমান মাননীয় শিল্প উপদেষ্টাও এই সংকটকেই অস্বীকার করে সমস্ত দায়ভার অবলীলায় নন্দঘোষ কৃষকের ঘাড়েই চাপিয়ে দেওয়ার প্রয়াস পাচ্ছেন। মুক-বধির কৃষকের হয়ত এটাই নিয়তি!!!

ভাবতে অবাক লাগে এই সারই একসময় বিনামূল্যে বা নামমাত্র মূল্যে কৃষককে দেওয়া হয়েছে। বোকা কৃষক (!) তখন এই সার নিতে চায়নি। নানান ছলে ও কৌশলে বোকা কৃষককে এই সার, কীটনাশক, সেচ ও অন্যান্য ব্যয়বহুল কৃষি উপকরণগুলো ব্যবহারে অভ্যস্থ করা হয়েছে। বাহ্যিক উপকরণবিহীন যে স্থায়িত্বশীল ও স্বনির্ভর কৃষি ব্যবস্থা এতকাল কৃষকরা চর্চা করে আসছিল তা ভেঙ্গেচুরে তছনছ করে দিয়ে বর্তমানের যে বাণিজ্যিক চাষ-ব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে তা দেশের খাদ্যশস্য উৎপাদনের পরিসংখ্যানকে সমৃদ্ধ করলেও সেটা যে কৃষকের জন্য আহামরি কোন কল্যাণ বয়ে আনেনি, চলমান সার সংকট তার উজ্জ্বল দৃষ্টান্ত। বরং সুপরিকল্পিতভাবে এমন এক দুর্ভেদ্য ব্যবসার জালে কৃষককে জড়িয়ে ফেলা হয়েছে যে জাল ছিড়ে বেরোনোর আর কোন পথই যেন খোলা নেই। বেঁচে থাকতে হলে ফসল ফলাতে হবে, আর ফসল ফলাতে হলে উচ্চমূল্যে বীজ, সার, কীটনাশক, ডিজেল ইত্যাদি কিনতেই হবে। এই নিশ্চিত মুনাফার নিশ্চিন্ত ব্যবসায় দিনে দিনে ফুলেফেঁপে উঠছে দেশী-বিদেশী কোম্পানি আর রক্তচোষা মধ্যস্বত্বভোগীরা। দেশের মোট খাদ্য উৎপাদনকে দ্বিগুনের বেশি বৃদ্ধি করেও অনাহারে অর্ধাহারে দিনাতিপাত করতে হচ্ছে কৃষককেই। একদিকে কৃষি উপকরণ ব্যবসায়ী মুনাফাখোর অক্টোপাসের শোষণ আর অন্যদিকে ঘামঝরানো শ্রমে উৎপাদিত কৃষি পণ্যের উদ্বৃত্ব মূল্যের মধ্যস্বত্বভোগী কর্তৃক লুন্ঠন – এই দ্বিমুখী শোষণের ও লুন্ঠন শিকার হয়ে কৃষকের আজ ত্রাহি মদুসদন দশা।

রাজনৈতিক সরকারগুলোর মতই বর্তমান সরকারও বারবার বলে চলেছে যে, দেশে চাহিদার তুলনায় সার মজুদের কোন ঘাটতি নেই। কিন্তু প্রকৃত সত্য এই যে, নানাবিধ সমস্যায় জর্জরিত দেশের সার কারখানাগুলো উৎপাদন লক্ষমাত্রা অর্জনে সবসময় ব্যর্থ। বর্তমানে বিসিআইসি’র বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার (বিসিআইসি) অধীনস্ত ৭ টি সার কারখানা (৬ টি ইউরিয়া ও ১ টি টিএসপি কারখানা) থেকে ২০০৪-০৫ সালে ৪২.৫ লাখ মে.টন চাহিদার বিপরীতে দেশে উৎপাদিত হয় ২২.৪৩ মে.টন এবং আমদানি করা হয় ১৬.৩৫ লাখ মে. টন অর্থাৎ মোট মজুদ ৩৮.৭৮ লাখ মে.টন যা চাহিদার তুলনায় কম। ২০০৫-০৬ সালে দেশের কারখানাগুলোতে প্রায় ১৯.২৬ লাখ মে.টন সার উৎপাদিত হয় যা আগের বছরের তুলনায় প্রায় ৩ লাখ মে.টন কম। এখানে লক্ষনীয় যে, সারের ক্রমবর্ধমান চাহিদা ও সংকট সত্ত্বেও ১৯৯৫-৯৬ সালের পর থেকে সারের উৎপাদন ক্রমহ্রাসমান যা দেশের সার সংকটকে ভবিষ্যতে আরও তীব্র করে তোলার ইঙ্গিত বহন করে। কারণ, বহুল কথিত মুক্তবাজারে সারের মূল্য লাগামহীনভাবে বেড়ে যাবে এতে কোন সন্দেহ নেই। অথচ, যে ইউরিয়া ও ফসফেট সারের সংকট সবচেয়ে তীব্র সে দুটি সারই বাংলাদেশে তৈরির যথেষ্ট সুযোগ রয়েছে। ইউরিয়া তৈরির কাাঁচামাল প্রাকৃতিক গ্যাস আমাদের রয়েছে। অথচ, গ্যাস রপ্তানি নিয়ে যতটা মাথা ঘামানো হয়েছে এই গ্যাস ব্যবহার করে ইউরিয়া সার উৎপাদন করার ক্ষেত্রে তার ছিটেফোটাও হয়নি। তা যদি হত তবে হয়ত সার সংকট এতটা তীব্র আকার ধারণ করতনা। অথচ আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের বস্তাপ্রতি মূল্য যেখানে প্রায় ৮০০ টাকা সেখানে এদেশের কারখানায় তার উৎপাদন খরচ পড়ে মাত্র ৪০০ টাকা। অথচ অজ্ঞাত কারণে উচ্চহারে ভর্তুকী দিয়ে সার আমদানির প্রতিই আমাদের নীতিনির্ধারক মহলের অধিক ঝোঁক লক্ষ করা যায়।

অন্যদিকে, সারের ক্রমবর্ধমান আমদানী নির্ভরতাও সার সংকটের অন্যতম প্রধান কারণ। ১৯৯৫-৯৬ সাল পর্যন্ত সার আমদানী সীমিত আকারে থাকলেও বর্তমানে তা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। এসময়কালে সারের আমদানী দ্বিগুনেরও বেশি বৃদ্ধি পেয়েছে। সার আমদানির ক্ষেত্রে নানাবিধ সমস্যা বিরাজমান যা সার সংকটের জন্য অনেকাংশে দায়ী। এসব সমস্যার মধ্যে রয়েছে সারের আন্তর্জাতিক বাজার মূল্যের চরম অস্থিতিশীলতা, আমদানির পরিমান নির্ধারণে সিদ্ধান্তহীনতা ও দীর্ঘসুত্রিতা, এলসি’র ক্লিয়ারেন্স সময়মত না পাওয়া, রাজনৈতিক অস্থিরতা ও বন্দর সমস্যার কারণে শিপমেন্ট সময়মত না হওয়া, আমদানিকারক নির্বাচনে স্বজনপ্রীতি ও অস্বচ্ছতা, কিছু অসাধু আমলা ও আমদানিকারকদের যোগসাজসে আমদানি কোটায় কারচুপি ইত্যাদি। তাছাড়া, আন্তর্জাতিক বাজার মূল্যের অস্থিতিশীলতা এবং সরকারি মনিটরিং ব্যবস্থার দুর্বলতা ও সংশ্লিষ্টদের দুর্নীতিপরায়নতার সুযোগ নিয়ে আমদানিকারক ও ডিলাররা সারের মূল্য ইচ্ছামত বাড়িযে দেয়। গত তিন বছর ধরে যে টিএসপি সারের মূল্য বস্তাপ্রতি ৬৫০-৭৮৫ টাকা ছিল এ মাসেই তা অবিশ্বাস্যভাবে বেড়ে দাড়িয়েছে ১২০০-১৫০০ টাকা। হঠাৎ করে এরূপ মূল্য বৃদ্ধির কোন যৌক্তিক কারণ ছিলনা। ডিলাররা তাদের নামে বরাদ্দকৃত সব সার কৃষকের মাঝে বিতরণ না করে বেশি দামে বাইরে বিক্রী করে দেয়। খুচরা বিক্রেতারা এই সার কিনে নিয়ে ইচ্ছেমত উচ্চমূল্যে বিক্রী করে। ডিলারের কাছ থেকে সার না পেয়ে কৃষকরা উচ্চমূল্যে এই সার কিনতে বাধ্য হয়। ৩০০ টাকা দামের এক বস্তা ইউরিয়া সার কৃষককে ৭০০-৮০০ টাকা দামেও কিনতে হচ্ছে।

ভেজাল ও নিন্মমানের সার আমদানি আরেকটি মারাত্মক সমস্যা যা কৃষকের দুর্ভোগকে আরও বাড়িয়ে তুলছে। শিল্পবর্জ্যকেও সার হিসেবে আমদানির অনেক নজির এদেশে আছে। যেমনঃ ২০০২ সালে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একটি শিল্পবর্জ্যকে পটাশ সার হিসেবে আমদানি করা হয়। এ সার মাটিতে দিলে ফসল পুড়ে যেতে দেখা গেছে যাতে প্রচুর কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেসময় এটি নিয়ে পত্রপত্রিকায় ব্যাপক লেখালেখি ও নানা মহল থেকে উঠা প্রতিবাদের মুখে আমদানি বন্ধ করা হয়। পরবর্তীতে ২০০৫ সালে চীন থেকে একটি শিল্পবর্জ্যকে ডিফিউজড ম্যাগনেশিয়াম ফসফেট সার নামে আমদানি ও বাজারজাত করা হয়। এ সার জমিতে প্রয়োগ করার পর ৬ মাসেরও অধিক সময় ধরে পাথরের মত অবিকৃত থাকতে দেখা গেছে। এটি নিয়েও তখন ব্যাপক প্রতিবাদের মুখে এর আমদানি বাতিল করতে বাধ্য হয় সরকার।

চলমান সার সংকটের একটি অন্যতম প্রধান কারণ হিসেবে চাহিদা নিরূপন ও বরাদ্দের ক্ষেত্রে বেশকিছু পদ্ধতিগত ক্রটিকে দায়ি করা যায়। জরিপের মাধ্যমে সারের চাহিদা নিরূপিত হলেও এ জরিপের যথার্থতা প্রশ্নসাপেক্ষ। কারণ এই জরিপের মাধ্যমে প্রাক্কলিত চাহিদা ও বাস্তব চাহিদার মধ্যে বিস্তর ব্যবধান বিরাজ করে। তাছাড়া অনেক ক্ষেত্রেই চাহিদার তুলনায় বরাদ্দের পরিমান কম থাকে। উদাহরণস্বরূপ: ২০০৭-০৮ সালে ঝিনাইদহ জেলার ৫৯,০০০ মে. টন সারের চাহিদার বিপরীতে বরাদ্ধ দেওয়া হয় ৫৫,৫৫০ মে. টন। অন্যদিকে বরাদ্ধ থেকেও কম পরিমানে সার সরবরাহ করা হয়। যেমনঃ ২০০৬-০৭ সালে ঝিনাইদহ জেলার জন্য বরাদ্দকৃত ৫৫,০০০ মে. টন সারের বিপরীতে সরবরাহ করা হয় ৫২,০০০ মে. টন। ২০০৫-০৬ সালে দেশে ইউরিয়া সারের মোট বরাদ্দ ২৮ লাখ মে. টনের বিপরীতে সরবরাহ করা হয় মাত্র ২৫ লাখ মে. টন। সার বরাদ্দের ক্ষেত্রে দুর্ণীতি, অনিয়ম ও ক্ষমতার প্রভাব লক্ষ করা যায়।

ফ্যাক্টরী থেকে ইউনিয়ন পর্যায়ে সার পৌছানো পর্যন্ত মনিটরিং ব্যবস্থা জোড়ালো ও কার্যকরী নয়। পাশাপাশি কর্তব্য পালনে অবহেলা, ঘুষ, দুর্ণীতি, অনিয়মও এজন্য কম দায়ী নয়। বাস্তবে দেখা যায়, ডিলারের গোদামে সার না থাকলেও চোরাকারবারি ব্যবসায়ীদের কাছে সারের অভাব নেই। চোরাকারবারিরা ৩০০ টাকার সার ৭০০-৮০০ টাকা দরে কৃষকের কাছে বিক্রী করছে প্রকাশ্য দিবালোকে। কৃষক দিনের পর দিন জরুরী কাজ ফেলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকেও সার না পেয়ে চোরা কারবারির কাছ থেকে অতি উচ্চমূল্যে সার কিনতে বাধ্য হচ্ছে। সার মনিটরিং কমিটি ও আইন প্রয়োগকারী সংস্থাকে মোটা অংকের ঘুষ দিয়ে তারা এ কাজ দিব্যি চালিয়ে যাচ্ছে দুনীতির বিরূদ্ধে জেহাদ ঘোষনাকারী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও।

পূর্বে বিসিআইসি অনুমোদিত ডিলারদের কাছ থেকে শতশত খুচরা বিক্রেতা সার সংগ্রহ করত ও প্রতিযোগিতামূলক দামে তা কৃষকের কাছে বিক্রী করত। কিন্তু বর্তমানে সার বিতরণের একমাত্র এজেন্ট হল এসব ডিলাররা। কিছু কিছু ক্ষেত্রে তারা কিছুসংখ্যক প্রতিনিধির মাধ্যমে সার বিতরণ করলেও এসব প্রতিনিধি নির্বাচন সম্পূর্ণভাবে তাদের ইচ্ছার উপর নির্ভরশীল। ফলে এসব ডিলাররা একচেটিয়াভাবে বাজার নিয়ন্ত্রণ করছে। পূর্বের খুচরা বিক্রেতারা ছিল মূলতঃ ব্যবসায়ী ও বিনিয়োগকারী কিন্তু ডিলারদের এসব প্রতিনিধি সাধারণতঃ ব্যবসায়ী ও বিনিয়োগকারী নয়। কাজেই একজন ব্যবসায়ী হিসেবে ক্রেতাদের প্রতি ন্যুনতম দায়বদ্ধতাও এদের নেই। খুচরা বিক্রেতারা কৃষককে মৌসুমে বাকীতে সার দিত কিন্তু এরা তা দেয়না। ফলে, গরীব কৃষকের পক্ষে সার কেনা খুব কঠিন হয়ে পড়ছে। কারণ গরীব কৃষকের পক্ষে নগদ টাকা জোগাড় করা কঠিন।

বর্তমান ডিলারশিপ ব্যবস্থায গুটিকয় ডিলারদের একচেটিয়া মুনাফা লাভের সুযোগ সৃষ্টি হয়েছে। পক্ষান্তরে, লাখ লাথ খুচরা বিক্রেতার ব্যবসা বন্ধ হওয়ার ফলে তাদের উপার্জনের পথও রুদ্ধ হয়ে গেছে যা তাদের জীবন জীবিকার উপর বিরূপ প্রভাব ফেলছে। পাশাপাশি এটাও সত্য যে, এই শূন্যতা পূরণ করছে একশ্রেণীর মুনাফালোভী অসাধু ব্যবসায়ী যারা কালোবাজার থেকে সার সংগ্রহ কওে অতি উচ্চমূল্যে বিক্রী করছে। আর এই কালোবাজারে সার আসছে ডিলারদের কাছ থেকেই। চলমান জরুরী অবস্থা এবং সার বিতরণ ব্যবস্থায় যৌথ বাহিনীর পূর্ন নিয়ন্ত্রণ সত্বেও ডিলারদের এরূপ দৌরাত্ব প্রমাণ করে যে, গুটিকয় ডিলারদের মাধ্যমে সার বিতরণ ব্যবস্থা সমস্যা আরও বাড়াবে বৈ কমাবে না। বর্তমান বিতরণ ব্যবস্থায় জেলা ও উপজেলাভিত্তিক সারের যে বরাদ্দ দেওয়া হয় তা অন্য জেলা ও উপজেলায় স্থানান্তর নিষিদ্ধ। ফলে, দেখা যায় কোথাও সার উদ্বৃত্ব থাকছে আবার কোথাও সারের তীব্র সংকট সৃষ্টি হচ্ছে। আর এই উদ্বৃত সার কালোবাজারিদের হাতে চলে যাচ্ছে।

এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বিশেষকরে বড় কৃষক ও অনুপস্থিত কৃষকরা নানাভাবে প্রভাব খাটিয়ে সাধারণতঃ তাদের প্রাপ্য সারের চেয়ে অনেক বেশি এবং অধিকাংশ ক্ষেত্রে পুরু মৌসুমের জন্য প্রয়োজনীয় সমস্ত সার একসাথে মজুত করে ফেলে। ফলে, দরিদ্র ও ক্ষুদ্র কৃষকরাই সাধারণতঃ সার থেকে বঞ্চিত হয়। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক যাদের জমির পরিমান খুবই কম জমির পরিমান খুবই কম তাদের পক্ষে সার সংগ্রহ করা সবচেয়ে কঠিন। ডিলাররা যেহেতু প্রভাবশালী সুতরাং তাদের সার পাওয়া না পাওয়া ডিলারের মর্জির উপর নির্ভর করে। ফলে প্রায়শঃই দেখা যায় যে, কৃষক ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে থেকে সার সংগ্রহ করে খুচরা বিক্রেতাদের হাতে তুলে দিয়ে সেই সার বেশী মূল্যে বাকীতে কিনে নিয়ে যায়। কারণ, নগদে সার কেনার মত টাকা কৃষকের হাতে থাকেনা।

অন্যদিকে, সারের মূল্য কৃষকের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার নামে যে ভর্তুকী দেওয়া হয় তার সুফলও কৃষকের কাছে পৌছায় না। এবছর (২০০৭ সাল) স্থানীয়ভাবে উৎপাদিত প্রতিবস্তা ইউরিয়া সারের উৎপাদন খরচ পড়ে প্রায় ৪০০ টাকা যা সরকার বিক্রী করে ২৪০ টাকায়। অর্থাৎ বস্তাপ্রতি প্রায় ১৬০ টাকা (টন প্রতি ৩২০০ টাকা) ভর্তুকী দেওয়া হয়। অন্যদিকে, আমদানিকৃত ইউরিয়া সারে বস্তাপ্রতি ৫৬০ টাকা (টন প্রতি ১১২০০ টাকা) ভর্তুকী দেওয়া হয় যাতে স্থানীয়ভাবে উৎপাদিত সারের সমান দরে বিক্রী করা যায়। অথচ সে সার কৃষককে ৭০০-৮০০ টাকায় কিনতে হচ্ছে। শুধু তাই নয়, আমদানি মূল্য বেশি দেখিয়েও আমদানিকারকরা প্রচুর টাকা হাতিয়ে নেয়। ২০০৫ ও ২০০৬ সালে এরূপ ঘটনার খবর পত্রপত্রিকায় প্রচুর দেখা গেছে। অর্থাৎ ভর্তুকীর সুফল পাচ্ছে মূলতঃ আমদানিকারক ও ডিলাররা।

যাহোক, সার বিতরণের ক্ষেত্রে সমস্যাসমূহ দূর করার জন্য সরকার সম্প্রতি কার্ড সিস্টেম চালু করার উদ্যোগ গ্রহন করেছে। কিন্তু যেভাবে এই সিস্টেমটি চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে তাতে কিছু সুবিধা হয়ত পাওয়া যাবে তবে অনেক অসুবিধাও সৃষ্টি হবে। যেমনঃ এতে সার বিতরণ ব্যবস্থা আরও জটিল হবে। কারণ, অশিক্ষিত কৃষকের পক্ষে সঠিক তথ্য সরবরাহ ও সংরক্ষণ করা সহজ হবেনা। ডিলারের কাজ বেড়ে যাবে। কার্ড হারানো, নতুন কার্ড ইস্যু ইত্যাদি জটিলতা বাড়বে। তাছাড়া, এসব কাজ করতে উপসহকারী কৃষি কর্মকর্তার দাপ্তরিক কাজ বেড়ে যাবে ফলে তাদের দেয় সেবার মান বর্তমানের চেয়েও কমে যাবে। ফসল চাষের হিসাব সঠিক হওয়ার সম্ভাবনা কম। তাৎক্ষণিক প্রয়োজনে ফসল চাষের সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষেত্রে কৃষক সমস্যায় পড়বে।

সমস্যা সমাধানের জন্য কিছু সুপারিশ

১.    জৈব সার উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির সুস্পষ্ট দিকনির্দেশনাসহ সার সংক্রান্ত একটি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়ন ও তার বাস্তবায়ন করা।

২.   দেশে সারের উৎপাদন বৃদ্ধির জন্য নতুন নতুন কারখানা স্থাপন করা। পাশাপাশি পুরাতন কারখানাগুলোর অত্যন্ত পুরনো ও ক্রটিপূর্ণ যন্ত্রপাতিগুলো প্রতিস্থাপন ও সময়মত মেরামতের উদ্যোগ গ্রহন করা।

৩.   সারের চাহিদা নিরূপন সঠিকভাবে করার জন্য সঠিকভাবে জরিপকাজ পরিচালনা করা।

৪.   প্রত্যেক জেলায় সরকারী গোদামে সরকারী উদ্যোগে সার এনে সেখান থেকে খুচরা ডিলারের মাধ্যমে সার বিক্রীর ব্যবস্থা করা যাতে মাঝখানে আর কোন হাত না থাকে।

৫.   প্রত্যেক গ্রামে সৎ ও দক্ষ ব্যবসায়িদের নিয়ে ৮/১০ জন ডিলারের একটি প্যানেল তৈরি করা যারা বছরানুক্রমে সার সরবরাহ করবে। ডিলারশীপের জন্য সিকিউরিটি মানির পরিমান আরও কমানো যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরাও ডিলারশীপ পেতে পারে।

৬.   খুচরা ডিলারদের সার সংগ্রহ ও বিতরণ ব্যবস্থা কঠোরভাবে মনিটরিং করা এবং কোন অনিয়মের জন্য তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করা।

৭.   খোলা বাজারে সারের খুচরা বিক্রয় ব্যবস্থা চালু করা যাতে কৃষক প্রতিযোগিতামূলক মূল্যে হাতের কাছে সার পায়। তবে, পাশাপাশি মনিটরিং ব্যবস্থাও জোড়দার করা আবশ্যক।

৮.   সারের উৎপাদন ও আমদানি থেকে শুরু করে কৃষকের হাতে পৌছানো পর্যন্ত সর্বক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোড়দার করা।

৯.   তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সারের পর্যাপ্ত মজুদসহ প্রত্যেক জেলায় অন্ততঃ একটি করে বাফার গুদাম স্থাপন করা প্রয়োজন।

১০.  সারে দেয় ভর্তুকী সরাসরি কৃষকের হাতে পৌছানোর ব্যবস্থা করা এবং জৈব সারে ভর্তুকী দেওয়া।

১১.  কার্ড পদ্ধতি যেটা চালু করা হচ্ছে সেটি আরও সময় নিয়ে এবং সঠিকভাবে জরিপকার্য সমাধা করে নিয়ে তারপর করা।

পরিশেষে বলতে হয়, ডিলারদের সংগঠন ‘বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন’-এর দৌরাত্ব ও সিন্ডিকেশন সার সংকট সমাধানের অন্যতম প্রধান অন্তরায়। এদের দৌরাত্বের কারণে ডিলারের সংখ্যা বৃদ্ধি ও ইউনিয়ন পর্যায়ে ডিলার নিয়োগের একাধিকবার উদ্যোগ নিয়েও সরকার ব্যর্থ হয়। সরকারী প্রজ্ঞাপনে শর্ত ছিল ১. ডিলারকে ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। ২. ইউনিয়ন পর্যায়ে ডিলারের গোদাম থাকতে হবে এবং সেই গোদামে সার সংরক্ষণ ও সেখান থেকে বিতরণ করতে হবে। এসব শর্ত কার্যকরভাবে পালিত হলে সার সংকট ও কৃষকদের হয়রানি অনেকটাই লাঘব হতে পারত। কিন্তু উচ্চ আদালতে মামলা করে এ আদেশ স্থগিত করে দেওয়া হয় এবং এতেই সরকার বিষয়টি চেপে যায়। অথচ সরকার পুরাতন প্রজ্ঞাপন বাতিল করে নতুন করে ডিলার নিয়োগ দিতে পারত। আসলে, সমস্যা সমাধানে সরকারের সদিচ্ছার অভাব এবং ঘুষ ও দুর্নীতিই এরূপ ব্যর্থতার জন্য প্রধানতঃ দায়ী। কাজেই, সারের চলমান সংকট দূর করার জন্য প্রয়োজন সদিচ্ছা ও আন্তরিকতাসহ একটি কৃষক-বান্ধব দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নে এবং তার সফল বাস্তবায়ন।

শহীদুল ইসলাম 

কৃষিবিদ ও কৃষি উন্নয়ন গবেষক

shahid.bd1172@gmail.com

ফটোক্রেডিট: প্রথমআলো

আমাদের খাদ্য-ব্যবস্থার সংকট এবং জাপানি অভিজ্ঞতা

আমাদের খাদ্য-ব্যবস্থার সংকট এবং জাপানি অভিজ্ঞতা

বিপুল পরিমাণ বিষাক্ত ও ক্ষতিকর রাসায়নিক সার, বালাইনাশক, প্রিজারভেটিভ, কৃত্রিম রঞ্জক, ইত্যাদির যথেচ্ছা ব্যবহারে গড়ে উঠা বর্তমান খাদ্য উৎপাদন ও বিপণন ব্যবস্থার ফলস্বরূপ আজ বিপন্ন মানবস্বাস্থ্য, বিপন্ন প্রাণ-প্রকৃতি এবং বিপন্ন ধরণী। মাটির স্বাস্থ্য যেভাবে বিনষ্ট হচ্ছে; প্রকৃতি, পরিবেশ, জীববৈচিত্র্য ও কৃষিপ্রতিবেশ যেভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে এবং যেভাবে জলবায়ুর পরিবর্তন ঘটছে তা যদি রোধ করা না যায় তবে দীর্ঘমেয়াদে একটি প্রজাতি হিসেবে মানুষের টিকে থাকা কঠিন হয়ে পড়বে বলে বিজ্ঞানীদের অভিমত। বিষাক্ত ও অস্বাস্থ্যকর খাদ্য গ্রহণের ফলে সুস্বাস্থ্য নিয়ে বেঁচে থাকাই আজ দুষ্কর হয়ে উঠেছে। হু হু করে বাড়ছে ক্যান্সার, হৃদরোগ, কিডনিরোগের মত মারণব্যাধিসহ নানান রোগব্যাধি; বাড়ছে স্বাস্থ্যব্যয়, স্বাস্থ্যজনিত দুর্ভোগ এবং মৃত্যুঝুঁকি। অসুস্থ্য শরীর নিয়ে বেড়ে উঠছে আমাদের ভবিষ্যত প্রজন্ম।

বাংলাদেশ দাদানার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে বলে দাবী করা হলেও সুস্বাস্থ্যের জন্য যে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য অত্যাবশ্যক তা আজ বাংলাদেশে দুর্লভ। পক্ষান্তরে, খাদ্যদ্রব্যের ক্রমবর্ধমান উচ্চমূল্যের সাথে তাল মিলিয়ে মানুষের আয় না বাড়ায় দরিদ্র এমনকি মধ্যবিত্ত মানুষেরও খাদ্য ক্রয়ক্ষমতা দিনদিন কমছে। অত্যাবশ্যক খাদ্যদ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধি এদেশে একটি প্রকট এবং অনেকটা সমাধানহীন সমস্যা হিসেবে যুগের পর যুগ বিরাজমান। বাজারে খাদ্যদ্রব্যের সরবরাহে খুব বেশি ঘাটতি না থাকলেও ক্রয়ক্ষমতার অভাব, নিরাপদ খাদ্যের দুষ্প্রাপ্যতা এবং পুষ্টি নিরাপত্তাহীনতা – ইত্যাদি বিষয়গুলো বিবেচনায় নিলে দেশের খাদ্য নিরাপত্তা অদ্যাবধি চরম ঝুকি এবং অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ’গ্লোবাল ফুড সিকিউরিটি ইনডেক্স -২০১৯’অনুসারে ১১৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৩তম (স্কোর ১০০-এর মধ্যে ৫৩.২) যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, নিরাপদ খাদ্য ও পুষ্টি মানদন্ডে বাংলাদেশের অবস্থান ১১৩ দেশের মধ্যে ১০৭তম (স্কোর ১০০এর মধ্যে মাত্র ৩০.৬) যা অত্যন্ত উদ্বেগজনক।

অন্যদিকে, খাদ্য উৎপাদক কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, বিরূপ প্রকৃতির সাথে নিরন্তর লড়াই করে যে খাদ্য উৎপাদন করে বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা তার লাভজনক মূল্য প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। একথা সবারই জানা যে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি থেকে উৎপাদক কৃষকেরা খুব একটা লাভবান না হলেও লাভবান হয় ব্যবসায়িরা, বিশেষ করে মজুদদারেরা যাদেরকে নিয়ন্ত্রণে রাখতে খোদ রাষ্ট্রও চরম অসফলতা ও অপারগতা দেখাচ্ছে। বলা হচ্ছে এই মুক্ত বাজারের যুগে বাজারের ওপর হস্তক্ষেপ চলেনা। বর্তমানে খাদ্য উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিলে যাওয়া পর্যন্ত পুরো সরবরাহ ব্যবস্থাই ক্রমশ কর্পোরেট-ব্যাসায়িদের হাতে কুক্ষিগত হয়ে পড়ছে যা খাদ্য নিরাপত্তার জন্য আরও বড় হুমকি হয়ে উঠতে পারে।

এমতাবস্থায়, আমরা যদি নিরাপদ খাদ্য পেতে চাই এবং এটা চাই যে কৃষক তাঁর উৎপাদিত ফসলের লাভজনক দাম পাক তবে সবাই মিলে উদ্যোগী হওয়ার কোন বিকল্প আছে বলে মনে হয়না। কারণ, আমরা চাই কম দামে নিরাপদ এবং সর্বোৎকৃষ্ট খাদ্যপণ্য। কিন্তু বর্তমান উৎপাদন ব্যবস্থায় নিরাপদ খাদ্য উৎপাদন করা শ্রমসাধ্য এবং কঠিন এবং তা কৃষকের দায় নয়। তাছাড়া, এদেশে নিরাপদ খাদ্যের তেমন কোন নির্ভরযোগ্য সরবরাহ ব্যবস্থা এখনো গড়ে উঠেনি। খাদ্যপণ্যকে নিরাপদ করতে হলে উৎপাদন পর্যায় থেকে শুরু করে আমাদের খাবার টেবিলে আসা পর্যন্ত প্রতিটি ধাপ, যেমনঃ উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, পরিবহন ইত্যাদি সবকিছুই নিরাপদ হওয়া জরুরী। এটা সম্ভব করতে হলে আমাদেরকে কৃষকদের দ্বারস্থ হতে হবে, তাদেরকে উৎসাহিত করতে হবে এবং কৃষকের মাঠ থেকে খাবার টেবিল পর্যন্ত গড়ে তুলতে হবে এক নিরাপদ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা। এখন প্রশ্ন হলো, এই কঠিন কাজটার বাস্তব রূপায়ন কি করে সম্ভব? জাপানে গড়ে উঠা ”সিইকাতসু ক্লাব কনজ্যুমারস কোঅপারেটিভ” এক্ষেত্রে আমাদের জন্য একটি দিক নির্দেশক দৃষ্টান্ত হতে পারে।

সিইকাতসু ক্লাব কনজ্যুমারস কোঅপারেটিভ

১৯৬৫ সালের কথা। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিধ্বস্ত জাপানে তখনও চরম অর্থনৈতিক ও খাদ্য সংকট চলছে। খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম তখন আকাশচুম্বী যা আমাদের দেশের বর্তমান অবস্থার সাথে তুলনীয় । মধ্যস্বত্বভোগীদের দৌরাত্বও তখন আমাদের দেশের মতই চরম নিয়ন্ত্রণহীন অবস্থায় ছিল। এমতাবস্থায়, টোকিওর এক গৃহিনী ২০০ জন মহিলাকে সংগঠিত করে সরাসরি কৃষকের কাছ থেকে সাশ্রয়িমূল্যে খাঁটি দুধ নিয়মিতভাবে কেনার উদ্যোগ নিলেন। এরপর এই সাপ্লাই চেইনে একে একে যুক্ত হয় খাদ্যসহ প্রায় তিন হাজার প্রকারের ভোগ্যপণ্য। তিন বছরের মাথায় ১৯৬৮ সালে উক্ত গৃহিনীর এই ক্ষুদ্র উদ্যোগটি একটি বিকল্প উৎপাদন ও বিপণন ব্যবস্থা হিসেবে গড়ে উঠে। বর্তমানে এটি ২২টি ভোক্তা সমবায় এবং 8টি সংশ্লিষ্ট কোম্পানির একটি বিশাল ফেডারেশনে পরিণত হয়েছে যার বর্তমান সদস্য সংখ্যা চার লক্ষাধিক এবং বার্ষিক টার্ণওভার প্রায় এক বিলিয়ন মার্কিন ডলার। যেহেতু কো-অপারেটিভ সদস্যগণ নিজেদের খাদ্য নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং স্বাস্থ্য সচেতন তাই এটি জৈব খাদ্য নিয়ে কাজ করে এবং জেনেটিকালি মডিফায়েড (জিএম) খাদ্য এড়িয়ে চলে। খাদ্যপণ্যসহ বাকী সকল পণ্যই সমবায়ের সাথে যুক্ত কৃষক বা উৎপাদকগণ সরবরাহ করে থাকে। যখন ক্লাব তাদের নিজস্ব পরিবেশগত বা সামাজিক স্ট্যান্ডার্ড পূরণের জন্য পর্যাপ্ত মানের পণ্য খুঁজে না পায় কেবল তখনি তা নিজেরা উৎপাদন করার কথা বিবেচনা করে। শুধু দুধ এবং এক প্রকার বায়োডিগ্রেডেবল সাবান সমবায় নিজেরাই উৎপাদন করে। শুধু তাই নয়, এটি এখন সমবায় সদস্যদের সামাজিক কল্যাণ, পরিবেশ উন্নয়ন এবং নারীদের কর্মসংস্থান সৃষ্টির একটি আন্দোলনে পরিণত হয়েছে।

কর্মপদ্ধতি

সিইকাতসু ক্লাব পরিবারগুলো বিভিন্ন গ্রুপে বিভক্ত যারা সম্মিলিতভাবে সরাসরি কৃষকের কাছে তাদের প্রয়োজনীয় খাবার সংগ্রহ করে থাকে। ক্লাবের সাথে যুক্ত কৃষকগণ সমবায়ের সদস্যদের চাহিদামত খাবার উৎপাদন করে দেয়। যেহেতু ক্লাব সদস্যগণ “যুক্তিসঙ্গত দামে নিরাপদ খাদ্য” চায় সেহেতু তারা নিজেরাই উৎপাদকদের সহযোগিতায় খাদ্য এবং অন্যান্য ভোগ্যপণ্যের সকল তথ্য যেমন- উৎপাদন উপকরণ, উৎপাদন প্রক্রিয়া, প্যাকেজিং উপকরণ, পরিবেশগত দিক, ইত্যাদির একটি স্যান্ডার্ড নির্ধারণ করে উৎপাদকদেরকে সরবরাহ করে এবং পণ্যের অগ্রিম অর্ডার দেয়। অর্ডার পাওয়ার পর উৎপাদক সমবায়ের চাহিদামত মানসম্মত পণ্য উৎপাদন করে যথাসময়ে সরবরাহ করে থাকে। এরূপ অগ্রিম-অর্ডার সম্বলিত ক্রয় ব্যবস্থা সমবায় ব্যবস্থাপকদরকে আগাম পরিকল্পনা করতে এবং পণ্যের গুণগত মান নিশ্চিত করতে সহায়তা করে। পাশাপাশি, বাজারকে মানবিক করার জন্য উৎপাদক এবং ভোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের উপর বিশেষ জোর দেওয়া হয়। বিশেষ করে খাদ্য যাতে নিরাপদ, ভেজালমুক্ত ও স্বাস্থ্যসম্মত হয় এবং কেবল মুনাফা করার হাতিয়ারে পরিণত না হয় তা উৎপাদক এবং ভোক্তা উভয়ে মিলেই নিশ্চিত করে।  উৎপাদনের ক্ষেত্রে ভোক্তা নিজে অথবা তাদের প্রতিনিধি সরেজমিনে কৃষকের মাঠে গিয়ে নিয়মিতভাবে উৎপাদন পদ্ধতি পর্যবেক্ষণ করে থাকে।

স্থানীয় এবং GMO-মুক্ত খাদ্য স্থায়িত্বশীল কৃষির প্রসার

ক্লাব তার সদস্যদের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং কৃষির স্থায়িত্বশীলতাকে নিশ্চিত করে জিএমও-মুক্ত ফসল উৎপাদনে উদ্যোগী হয় যেখানে স্থানীয় কৃষি প্রতিবেশ, কৃষ্টি এবং খাদ্য সংস্কৃতি সংরক্ষণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়। এই ক্লাব বিশ্ব বাণিজ্য সংস্থার বাণিজ্য উদারীকরণ চুক্তির আলোকে স্বাক্ষরিত ”ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ এগ্রিমেন্ট”-এর প্রভাবে বিলুপ্তির হুমকির মধ্যে নিপতিত  হাজার বছরের ঐতিহ্যবাহী পারিবারিক ও স্থায়িত্বশীল কৃষির চর্চাকে লালন করে সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে। নারীদের জন্য বৈচিত্র্যময় কাজের সুযোগ সৃষ্টি করা এই ক্লাবের অন্যতম প্রধান লক্ষ্য। বর্তমানের ভঙ্গুর, চরম অস্থায়িত্বশীল, অস্থিতিশীল, অস্থির, এবং ধ্বংসাত্মক নয়াউদারনৈতিক ব্যবস্থার বিপরীতে একটি বিকল্প জনকল্যাণমূলক ব্যবস্থা গড়ে তুলতে এই ক্লাব প্রতিশ্রুতিবদ্ধ৷

যখন জাপানের বাজার আমদানিকৃত জিএম খাদ্যে সয়লাব তখন সিইকাতসু ক্লাব ১৯৯৭ সালে সিজেদেরকে জিএম মুক্ত ঘোষণা করে। উৎপাদকদের সহযোগিতায়, সিইকাতসু ক্লাব প্রতিটি খাদ্য আইটেম সরেজমিনে পরিদর্শন করে এমন একটি নিজস্ব মান নিয়ন্ত্রণ ও লেবেলিং ব্যবস্থা গড়ে তুলেছে যেখানে জিএম খাদ্যসহ ক্ষতিকর রাসায়নিক উপাদানযুক্ত খাদ্য কঠোরভাবে বর্জন করা হয়।

পরিবেশ সংরক্ষণ

পণ্য মোড়কায়ন এবং সরবরাহের ক্ষেত্রে ফেরতযোগ্য বোতল এবং পাত্র ব্যবহার করে কার্বন-ডাই-অক্সাইড নির্গমন হ্রাসে সিইকাতসু ক্লাব ব্যাপক অবদান রেখে চলেছে। কোমল পানীয়, সয়াসস এবং জ্যামের মতো ষাটটি খাদ্য সামগ্রী ফেরতযোগ্য বোতলে সদস্যদের কাছে বিতরণ করা হয়। ২০১৭ সালের এক হিসেব থেকে দেখা যায়, সেবছর ক্লাবের খাদ্য সরবরাহ চেইনে প্রায় ৪,৩০০ টন কন্টেইনার এবং বোতল পুনব্যবহার করা হয়েছিল যা প্রায় ২,৪০০ টন কার্বন-ডাই-অক্রাইড নির্গমন হ্রাস করতে ভূমিকা রাখে।

হিরোসিমা ও নাগাসাকির জঘন্য ও ভয়াবহ পারমানবিক বোমার প্রলয়ংকরী অভিজ্ঞতার আলোকে সিইকাতসু ক্লাব একটি পারমাণবিক মুক্ত সমাজের লক্ষ্যে কাজ করে এবং নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বায়ু শক্তি এবং সৌরশক্তি ব্যবহার করে। ক্লাবের নিজস্ব ফ্যাক্টরি, গোদাম, প্রক্রিয়াকরণকেন্দ্র, সরবরাহ ব্যবস্থা এবং বিপণন কেন্দ্র সর্বত্রই নিজেদের উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা হয়ে থাকে। এজন্য “সিইকাতসু ক্লাব এনিার্জি কোম্পানি লি.” নামে একটি কোম্পানি গড়ে তুলেছে যা বৈদ্যুতিক শক্তি উৎপাদন এবং বিপণনের কাজে নিয়োজিত।

সমাজকল্যাণমূলক কর্মসূচী

প্রতিটি অঞ্চলের সিইকাতসু ক্লাবগুলি সদস্যদের সার্বিক কল্যাণ সাধনে তাদের নিজস্ব নার্সিং হোম, শিশুদের জন্য ডে-কেয়ার, বয়স্কদের সেবাকেন্দ্র ইত্যাদি সেবামূলক ও অলাভজনক নানান কর্মসূচি গ্রহণ করে থাকে। সিইকাতসু ক্লাব গ্রুপের কল্যাণমূলক কর্মসূচির মোট মূল্য বর্তমানে প্রায় কুড়ি বিলিয়ন ইয়েনে পৌঁছেছে যা জাপানের একটি কর্পোরেট গ্রুপের জন্য সবচেয়ে বড়। ১৯৮০-এর দশক থেকে ক্লাবটি ৬০০ জনেরও বেশি কর্মী নিয়ে রেস্তোরাঁ, বেকারি, ব্যবহৃত পণ্যের দোকান, সাবান কারখানা এবং বয়স্ক ব্যক্তিদের যত্ন নেওয়া শুরু করেছে। ২০১৮ সাল অবধি এই ধরনের সমষ্টিগত উদ্যোগে প্রায় ১৭,০০০ সদস্য কর্মী হিসেবে নিয়োজিত ছিল।

সিইকাতসু ক্লাব কনজ্যুমারস কো-অপারেটিভ আজকের শিল্পায়িত বিশ্বের নয়াউদারনৈতিক অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদন ও ভোগের ধ্বংসাত্মক কর্মকান্ড এবং বৈষম্যপূর্ণ কর্পোরেট খাদ্য ব্যবস্থার নানাবিধ সংকটের সমাধান দিতে সক্ষম একটি সফল ও টেকসই মডেল। খাদ্যসহ অত্যাবশ্যক নিত্যপণ্যের উৎপাদন এবং বিপণন ব্যবস্থাকে একটি কঠোর সামাজিক এবং পরিবেশগত নীতিকাঠামোর মধ্যে এনে জনকল্যাণমূলক অর্থনৈতিক ব্যবস্থার এটি একটি অনন্য মডেল যা বিকল্প অনুসন্ধানি মানুষের কাছে নিরাশার আধারে আশার প্রদীপ হিসেবে প্রতিভাত হয়। এটি সমাজতান্ত্রিক এবং পুঁজিবাদী উভয় প্রকার শিল্পায়নের একটি মৌলিক বিকল্পের সন্ধান দেয়। উৎপাদন ও ভোগের সবচেয়ে সফল ও টেকসই মডেল তৈরি করার জন্য ১৯৮৯ সালে সিইকাতসু ক্লাব কো-অপারেটিভ ”রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ১৯৮৯” অর্জন করে। জলবায়ু পরিবর্তনের দৃশ্যমান ভয়াবহ অভিঘাত, বিধ্বস্ত মাটি-পরিবেশ-জীববৈচিত্র-খাদ্য সংস্কৃতি এবং আমাদের খাদ্য ব্যবস্থার চলমান সংকট মোকাবিলা করে একটি পরিবেশসম্মত, মানবিক ও স্থায়িত্বশীল খাদ্য উৎপাদন ও বন্টন ব্যবস্থা গড়ে তুলতে ইচ্ছুক মানুষদের জন্য এটি একটি দৃষ্টি-উন্মোচক মডেল হতে পারে।

শহীদুল ইসলাম

কৃষিবিদ ও কৃষি উন্নয়ন গবেষক

shahid.bd1172@gmail.com

https://harmonybd.org/%E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%B8/

ইউরিয়ার দুর্মূল্যে পথ দেখাতে পারে জৈবসার

ইউরিয়ার দুর্মূল্যে পথ দেখাতে পারে জৈবসার

ইউরিয়া সারের দাম কেজিপ্রতি ছয় টাকা বাড়ানোর ফলে কৃষকের দুর্ভোগ আরেক দফা বৃদ্ধি পেল। এমন বজ্রাঘাতের রেশ কাটতে না কাটতেই বিশ্ব বাজারে যখন জ্বালানি তেলের দাম নিম্নমুখি তখন মরার উপর খাড়ার ঘা হিসেবে ডিজেল ও কেরোসিনের দামও রাতারাতি ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হলো। মাত্র কয়েক মাস আগে গেলো বছরের নভেম্বরে ডিজেলের দাম ৬৫ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা করা হয়েছিল। তার মানে মাত্র এক বছরেরও কম সময়ের ব্যবধানে ডিজেলের দাম প্রায় দিগুন করা হলো। অথচ সেচকাজে এই ডিজেল ব্যাপকভাবে ব্যবহার করা হয়। কিছুদিন আগে বিদ্যুতের দামও যথেষ্ট বেড়েছে যা সেচের দাম বাড়িয়েছে। যতই সমন্বয়ের কথা থাকুক বিশ্ব বাজারে দাম কমলেও এই দাম যে আর কমবেনা সেটা বলার জন্য জ্যোতিষ হওয়া লাগেনা। কাজেই চলতি আমনে যেমন-তেমন আগামী বোরো মৌসুমে কৃষকের উৎপাদন ব্যয় কতটা বাড়ে আর ধানের দামই বা কেমন পায় সেটাই দেখার বিষয়। যাহোক, এই লেখার প্রসঙ্গটা একটু ভিন্ন।

সারের দাম বাড়ানোর যুক্তি হিসেবে বলা হচ্ছে, দাম বৃদ্ধির ফলে ইউরিয়া সারের ব্যবহার কমবে। কিন্তু সত্যি তা কমবে কিনা তা নিয়ে খোদ কৃষিমন্ত্রীও নিশ্চিত নন। কারণ, কৃষকের সাধারণ  প্রত্যাশা হলো তাঁর ফসলের সর্বোচ্চ ফলন পাওয়া। আর কৃষক এতদিন ধরে জেনে এসেছে যে, বেশি ফলন পেতে হলে পর্যাপ্ত রাসায়নিক সার লাগবে, ভালো বীজ লাগবে,  এবং পোকামাকড় ও রোগব্যাধির হাত থেকে ফসল রক্ষা করতে হলে  ছিটাতে হবে রাসায়নিক বালাইনাশক। কাজেই যতই দাম বাড়ুক না কেন বাকীতে বেশি দাম দিয়ে, উচ্চসূদে ধারদেনা করে কিংবা অসময়ে কমদামে গরু-ছাগল এমনকি ঘটিবাটি বেচে হলেও কৃষক সারসহ এসব উৎপাদন উপকরণ কিনবেই। এ কারণেই সারের জন্য কৃষককে গুলি খেয়ে মারা যেতেও আমরা দেখেছি।

তবে কৃষক যদি আশ্বস্ত হন যে ইউরিয়া কম দিলেও ফলন কমবেনা তবে হয়ত এর ব্যবহার কিছুটা হলেও কমতে পারে। অবশ্য এজন্য কৃষককে হাতেকলমে তা প্রমাণ করে দেখাতে হবে। হঠাৎ করে সারের দাম বাড়িয়ে দিলেই কৃষক সার কেনা কমিয়ে দেবে এটা বিশ্বাস করার বাস্তবসম্মত কোন কারণ নেই। বাস্তবতা এই যে, ইতিপূর্বে সারের ব্যবহার কমানোর জন্য বা সুষম সার ব্যবহারকে উৎসাহিত করার জন্য সরকারি বা বেসরকারি বিভিন্ন সংস্থা কর্তৃক গৃহীত নানাবিধ পদক্ষেপ যেমন: সুষম সার ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ, প্রদর্শনী, সার ব্যবহারের অনলাইন ও অফলাইন নির্দেশিকা, মাটি পরীক্ষা করে সার ব্যবহারের সুপারিশ প্রদান, ইউরিয়ার সঠিক ব্যবহার নিশ্চিত করার জন্য ‘লিফ কালার চার্ট’ প্রবর্তন ইত্যাদি সকল প্রচেষ্টা খুব বেশি সফল হয়নি। যেমন অসফল হয়েছে পেস্টিসাইড ব্যবহার কমানোর জন্য সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) প্রশিক্ষণ, আইপিএম মাঠ স্কুল এবং আইপিএম ক্লাব গঠনসহ নানান কার্যক্রম। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে বর্তমানের কৃষি অতিমাত্রায় প্রযুক্তিনির্ভর যা দেশের বেশিরভাগ নিরক্ষর বা স্বল্পশিক্ষিত কৃষকের পক্ষে হজম করা খুবই কঠিন।

একথা সত্য যে শুধু ইউরিয়া নয়, কোন সারেরই সুষম ব্যবহার এদেশে হয় না। এর প্রধান কারণ হচ্ছে সার সম্পর্কে কৃষকদের অজ্ঞতা। বালাইনাশকের ক্ষেত্রেও একই অবস্থা। একসময় যে বীজ ছিল কৃষকের নিজস্ব সম্পদ এবং শুধু বীজ সম্বন্ধেই নয় গোটা কৃষির সকল জ্ঞান ছিল কৃষকের নিজস্ব তার সবই এখন কৃষকের হাতছাড়া। এখন কৃষকের পরামর্শদাতার স্থান দখল করেছে অশিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত ডিলার বা ব্যবসায়িগণ যাদের প্রধান লক্ষ্য মুনাফা করা। বেশি বেশি বীজ-সার-বালাইনাশক বিক্রী করতে পারলে শুধু মুনাফা বা কমিশনই নয় ডিলারদের জন্য কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয় বিশেষ পুরষ্কার কিংবা বিদেশ ভ্রমণসহ নানান উপহার ও প্রণোদনা। সুতরাং ডিলার কৃষককে কী ধরণের পরামর্শ দিবে তা সহজেই অনুমেয়।

কাজেই সারের দাম বাড়িয়ে হয়ত আমদানি কমানো যাবে এবং তাতে কিছু ডলারও বাচানো যাবে কিন্তু অধিক সার ব্যবহার করা থেকে কৃষককে নিবৃত করা যাবে বলে মনে হয়না। আমদানি কমলে এবং বাজারে সারের সংকট সৃষ্টি হলে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনাই বেশি। এক্ষেত্রে মুনাফাখোর সুযোগসন্ধানি ব্যবসায়িরা ঝোপ বুঝে কোপ মারবে। সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রীর ঘটনা অতীতে বহুবার দেখা গেছে যার কোন প্রতিকার কৃষক পায়নি। ফলস্বরূপ, ফসলের উৎপাদন ব্যয় আরও বাড়বে এবং ধান থেকে কৃষকের লাভ আরও কমবে কিংবা লোকসান বাড়বে। এমনিতেই ধানচাষ থেকে কৃষকের তেমন কিছু লাভ হয়না বরং লোকসানই হয়। তবুও কৃষক ধান চাষ করে মূলত নিজের পরিবারের খাদ্য চাহিদা মিটানোর দায় থেকে কিংবা অনন্যোপায় হয়ে। কারণ, আমন মৌসুমে বৃষ্টির কারণে এবং বোরো মৌসুমে সেচের ব্লকে ধান ছাড়া অন্য কোন ফসল চাষ করা সম্ভব হয়না। একসময় কৃষকের জন্য বর্ষা মৌসুমের বিকল্প ফসল ছিল সোনালী আঁশ খ্যাত পাট যা চাষ করলে এখন কৃষকের গলার ফাঁস হয়ে দাড়ায়।

বহু গবেষণা থেকে এটা প্রমাণিত হয়েছে যে, রাসায়নিক সারের সাথে জৈব সার মিশিয়ে প্রয়োগ করা হলে ফসলের ফলন শুধুমাত্র রাসায়নিক সারে চাষের তুলনায় বাড়ে। অন্যদিকে, গত কয়েক দশকে ক্রমাগত রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের মাটির উর্বরা শক্তি তলানিতে এসে ঠেকেছে। দেশের অধিকাংশ জমির জৈব পদার্থের পরিমাণ শতকরা এক শতাংশ বা তার নীচে নেমে এসেছে যা একটি আদর্শ উর্বর মাটিতে শতকরা পাঁচ শতাংশ থাকা আবশ্যক। জৈব পদার্থ হচ্ছে মাটির প্রাণ যার অভাবে মাটি নিষ্প্রাণ হয়ে পড়ছে। এই নিষ্প্রাণ মাটি আমাদের অনাগত প্রজন্মের খাদ্যের যোগান কিভাবে দিবে সেটা নিয়ে ভাববার এখনি সময়।

নানাবিধ কারণে কৃষক এখন মাঠে জৈবসার ব্যবহার করা প্রায় ছেড়ে দিয়েছে। প্রধানতম কারণটি হচ্ছে চাষ পদ্ধতির পরিবর্তন ও যান্ত্রিকীকরণ। পক্ষান্তরে, জৈবসার উৎপাদন ও ব্যবহার কঠিন এবং শ্রমসাধ্য । অনেকেই গোবরের মত জৈব উপকরণের অপ্রতুলতার কথা বলে থাকেন। একথা সত্য যে আগের দিনের মত জৈব উপকরণ এখন আর নেই। কিন্তু এই প্রশ্ন তোলার আগে আমাদের ভাবতে হবে, যতটুকু আছে সেটুকুই আমরা ব্যবহার করছি কিনা। যেকোন গ্রামে গেলেই দেখা যাবে প্রচুর পরিমাণ জৈব পদার্থ অবহেলায় নষ্ট হচ্ছে। কচুরিপানা মূল্যবান জৈবসার না হয়ে বোরো ধানের জমিতে কৃষকের জন্য সমস্যা হিসেবে আবির্ভূত হচ্ছে। একবার জনৈক বর্গাচাষীর সাথে কথা বলে জেনেছিলাম যে তার আধা একর বোরো জমির কচুরিপানা পরিষ্কার করতে প্রায় বারো হাজার টাকা লেগেছিলো। ক’দিন আগে এক টিভি রিপোর্টে দেখলাম কচুরিপানা হাওড় এলাকায় কৃষকদের গলার ফাঁস হয়ে দাড়িয়েছে। অথচ এই কচুরিপানাকে পরিকল্পিতভাবে যান্ত্রিক উপায়ে জৈবসারে রূপান্তরিত করে জমিতে দিতে পারলে সমস্যা সম্পদে রূপান্তরিত হবে। তেমনিভাবে শহুরে জৈব আবর্জনাকেও এমন সম্পদে রূপান্তরিত করা যায়। এসব নিয়ে কিছু কিছু গবেষণা এবং উদ্যোগ নেওয়া হলেও তা নিতান্তই অপ্রতুল। তদুপরি, মূলত যথেষ্ট চাহিদার অভাবে বাণিজ্যিকভাবে তেমন লাভজনক না হওয়ায় এমন অনেক উদ্যোগই মুখ থুবরে পড়েছে। এখানেই সরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজনীতা গভীরভাবে অনুভূত হয়। সরকারি শিক্ষা এবং স্বাস্থ্যসেবার মত এটাকেও এক অত্যাবশ্যক রাষ্ট্রীয় বিনিয়োগ হিসেবে দেখতে হবে যা আমাদের দীর্ঘমেয়াদি খাদ্য নিরাপত্তা শুধু নয়, জনস্বাস্থ্য, মাটির স্বাস্থ্য এবং পরিবেশ সুরক্ষার জন্যও অতীব জরুরী। সংশ্লিষ্ট নীতিনির্ধারক মহল বিষয়টি গুরুত্বের সাথে দেখবেন বলে প্রত্যাশা রইল।

শহীদুল ইসলাম

কৃষিবিদ ও কৃষি উন্নয়ন গবেষক

https://samakal.com/opinion/article/2208128566/

নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তার উপর খাদ্যমূল্য বৃদ্ধির প্রভাব

নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তার উপর খাদ্যমূল্য বৃদ্ধির প্রভাব

বাংলাদেশে অত্যাবশ্যক খাদ্যদ্রব্যের অসহনীয় মূল্যবৃদ্ধি একটি প্রকট এবং অনেকটা সমাধানহীন সমস্যা হিসেবে যুগের পর যুগ বিরাজমান। অত্যাবশ্যক খাদ্যদ্রব্যের এমন মূল্যবৃদ্ধি নিম্ন-আয়ের দরিদ্র মানুষের দীর্ঘমেয়াদী আর্থ-সামাজিক অবস্থা তথা বর্তমান কল্যাণ এবং ভবিষ্যত অর্থনৈতিক উন্নয়নের পথে মারাত্মক অন্তরায়। মূল্যবৃদ্ধির ফলে দরিদ্র মানুষের প্রকৃত ব্যয়যোগ্য আয় এবং ব্যয় করার সক্ষমতা দুটোই ব্যাপকভাবে হ্রাস পাওয়ায় তা শুধু দারিদ্র বৃদ্ধি বা খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিঘ্নিত করেনা বরং মানুষের প্রায় সকল মৌলিক অধিকারের উপভোগক করাকে বাধাগ্রস্ত করে।

নিম্ন-আয়ের মানুষের দারিদ্র এবং খাদ্য ও পুষ্টি অধিকারের ওপর খাদ্যমূল্য বৃদ্ধির এরূপ প্রভাব নিরূপণসহ খাদ্যমূল্য বৃদ্ধির কারণ এবং সম্ভাব্য সমাধান খুঁজে দেখার উদ্দেশ্যে ‘খানি বাংলাদেশ’-এর পক্ষ থেকে ২০২০ সালের নভেম্বর মাসে দেশের ১৯টি জেলার ২৪ ধরণের নিম্ন-আয়ের পেশার প্রতিনিধিত্বকারী ৪৩৮ জন মানুষের ওপর জনপ্রিয় অনলাইন জরিপ টুলস ’সার্ভে মানকি’ ব্যবহার করে একটি জরিপ পরিচালিত হয়।

পেশাগুলো হলো- কৃষক, ঝুমচাষি, জেলে, কামার, কুমার, সুতার, মুচি, নাপিত, সুইপার, গৃহকর্মী, চা-বিক্রেতা, দর্জি, কৃষিশ্রমিক, নির্মাণশ্রমিক, পরিবহণশ্রমিক, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ি, হকার, ভ্যানচালক, রিকশাচালক, অটোচালক, গাড়ীর ড্রাইভার, মেকানিক এবং হোটেলবয়।

উল্লেখ্য যে, ১৯ টি জেলায় ১৯ জন স্বেচ্ছাসেবক অনলাইন সার্ভে ফরম পুরণে উওরদাতাদেরকে সরেজমিনে সহায়তা করার মাধ্যমে জরিপকার্য সম্পন্ন করেছেন। তাছাড়া, গবেষক কর্তৃক দেশের খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধির গতি-প্রকৃতি, কারণ এবং প্রতিকার নির্ণয়ে বেশকিছু সরকারি জরিপ, সংশ্লিষ্ট সরকারি বিভাগসমূহের অনলাইন ও অফলাইন প্রকাশনা এবং গবেষণাপত্রও পর্যালোচনা করা হয়েছে।

আরও উল্লেখ্য যে, কাকতালীয়ভাবে গবেষণার সময়টা ছিল করোনা মহামারীর কাল যখন বাংলাদেশসহ সারাবিশ্বে চরম অর্থনৈতিক স্থবিরতা বিরাজমান ছিল এবং যার বিরূপ প্রভাব নিম্ন-আয়ের মানুষের ওপর ব্যাপকভাবে পড়েছে। পাশাপাশি, উক্ত সময়ে চাল-ডাল-পেঁয়াজ ও শাক-সব্জিসহ অধিকাংশ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যেরও আকাশচুম্বি মূল্য লক্ষ্য করা গেছে। কাজেই, নিম্ন-আয়ের দরিদ্র মানুষের দারিদ্র এবং খাদ্য ও পুষ্টি অধিকারের ওপর খাদ্যমূল্য বৃদ্ধির প্রভাব সম্যক উপলব্দি করার ক্ষেত্রে এই গবেষণাকর্মটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে আমাদের বিশ্বাস।

জরীপ তথ্য থেকে দেখা যায় যে, ২৪% পরিবারের মাসিক আয় ৩,০০০টাকার কম যেখানে করোনা মহামারী শুরু হওয়ার আগে মাত্র ৪% পরিবারের মাসিক আয় ৩,০০০টাকার কম ছিল। অন্যদিকে, গবেষণাকালে মাত্র ১% পরিবারের মাসিক আয় ১০,০০০টাকার বেশি ছিল যেখানে করোনার আগে ২৭% পরিবারের মাসিক আয় ছিল ১০,০০০টাকার বেশি ছিল। গবেষণাকালে বাকী ৬৯% পরিবারের মাসিক আয় ৩,০০০-১০,০০০ টাকার মধ্যে ছিল যা ২০১৬ সালে পরিচালিত ’খানা আয় ও ব্যয় জরীপ’ অনুসারে গড় জাতীয় আয় (১৫,৯৮৮ টাকা)-এর চেয়ে বেশ কম।

অন্যদিকে, আয় অনেক কমে গেলেও জরীপের উত্তরদাতাদের মতে ২০২০-এর মধ্যভাগের পর থেকেই বেশিরভাগ খাদ্যদ্রব্যের দাম অনেক বাড়তে থাকে। জরীপের ৮৬%, ৯৪%, ৯১% এবং ৮১% উত্তরদাতার মতে জরীপকালের তিনমাস আগের সময়টাতে যথাক্রমে চাল, পেঁয়াজ, আলু এবং শাকসব্জির মত অত্যাবশ্যক এবং খুবই গুরুত্বপূর্ণ খাদ্যগুলোর দাম ছিলো তাদের ক্রয়ক্ষমতার বাইরে। অন্যদিকে, শতকরা ৬২% উত্তরদাতার মতে উক্ত সময়ে ডালজাতীয় খাদ্য যেমন: মসুর, খেসারী এবং ৫৫% উত্তরদাতার মতে প্রোটিনজাতীয় খাদ্য যেমন: মাছ, মাংস, ডিম, দুধ ইত্যাদি খাদ্যগুলোর দামও তাদের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়। এমতাবস্থায়, পরিবারগুলোর মধ্যে মাত্র ৫% তাদের খাদ্য ক্রয়ের আগের পরিমাণ ধরে রাখতে সক্ষম হয় এবং বাকী ৯৫% পরিবারকে হয় ’কম’ পরিমাণে (৩২% উত্তরদাতা) অথবা ’অনেক কম’ পরিমাণে (৬৩% উত্তরদাতা) খাদ্যদ্রব্য কিনতে বাধ্য হতে হয়েছে।

মূল্য বৃদ্ধির ফলে শুধু যে খাদ্য কম কিনতে হয়েছে তাই নয়, ৯৯% উত্তরদাতার মতে তাদেরকে ’প্রায়শই’ (৬৫% উত্তরদাতা) অথবা ’কখনো কখনো’ (৩৪% উত্তরদাতা) অন্যান্য মৌলিক চাহিদা বাবদ ব্যয় কমিয়ে খাদ্যদ্রব্য কিনতে হয়েছে। উত্তরদাতাদের মধ্যে ৭৭% পরিবারকে কাপড়বাবদ ব্যয়, ৫৬% পরিবারকে চিকিৎসা ব্যয়, ৪০% পরিবারকে শিক্ষা ব্যয় এবং ৭৩% পরিবারকে অন্যান্য ব্যয় কমাতে বাধ্য হতে হয়েছে।

খাদ্যমূল্য বৃদ্ধির ফলে শুধু খাদ্য এবং অন্যান্য মৌলিক চাহিদার ব্যয় কমানোতেই মানুষগুলোর দুর্ভোগের শেষ হয়নি বরং বর্ধিত আর্থিক চাহিদা মেটাতে তাদেরকে ক্ষুদ্রঋণ সংস্থা কিংবা মহাজন থেকে চড়াসুদে ঋণ নিয়ে সেই ব্যয় মেটাতে হয়েছে। সার্ভে থেকে দেখা যায় যে খাদ্যমূল্য বৃদ্ধির কারণে ৫২% পরিবার ঋণ নিতে বাধ্য হয়েছে যার গড় পরিমাণ ছিল ২২,০৭৬ টাকা এবং ঋণের পরিমাণের ব্যাপ্তি ছিল সর্বনিম্ন ৩৫,০০ টাকা থেকে সর্বোচ্চ ৫০,০০০টাকা।

জরীপ তথ্য অনুসারে খাদ্যমূল্য বৃদ্ধির ফলে পরিবারগুলোর দৈনিক খাদ্যগ্রহণের পরিমাণও তাৎপর্যপূর্ণভাবে কমে যায়। খাদ্যমূল্য বৃদ্ধির আগে যেখানে ৯৩% পরিবার দিনে তিনবেলা খেতে পারতেন মূল্য বৃদ্ধির পর তা ৬০%-এ নেমে আসে। পক্ষান্তরে খাদ্যমূল্য বৃদ্ধির আগে মাত্র ৫% পরিবার দিনে দুইবার খাদ্য গ্রহণ করত যা খাদ্যমূল্য বৃদ্ধির ফলে বেড়ে ৪০%-এ উন্নীত হয়। জরীপ তথ্য থেকে আরও দেখা যায় যে, প্রায় ৩৫% পরিবারকে ’মাঝেমধ্যেই’ না খেয়ে দিনাতিপাত করতে হয়েছে যেখানে ২০% পরিবারকে ‘প্রায়শই’ না খেয়ে দিনাতিপাত করতে হয়েছে।

দরিদ্র মানুষের জন্য স্বল্পমূল্যে খাদ্যদ্রব্য প্রাপ্তি নিশ্চিত করা এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক পরিচালিত ’খোলাবাজারে বিক্রয়’ বা ’ওএমএস’ কার্যক্রম একটি গুরুত্বপূর্ণ কৌশল বা অস্ত্র হিসেবে বিবেচনা করা হয়। কিন্তু জরীপ থেকে হতাশাজনকভাবে দেখা যায় যে, উত্তরদাতা পরিবারগুলোর মধ্যে শতকরা ৭৮ ভাগই অনেক খাদ্যসংকটে থাকা সত্ত্বেও সার্ভেকালীন সময়ের পূর্ববর্তী মাসে কার্যক্রম চালু থাকা সত্ত্বেও ওএমএস থেকে কোন খাদ্যদ্রব্য ক্রয় করতে পারেনি যা এই কার্যক্রমের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করে।

ওএমএস থেকে খাদ্যদ্রব্য না কেনার কারণ হিসেবে এক-চতুর্থাংশ উত্তরদাতাই জানান যে, কোথায় এবং কখন খোলাবাজারে চাল বিক্রী হয় তাই তাদের অজানা থেকে যায়। তাছাড়া, তারা জনতে পারলেও বিক্রয়কেন্দ্রগুলো অনেক দূরে থাকে, ফলে সময় এবং টাকা খরচ করে সেখানে গিয়ে লম্বা লাইনে দাড়িয়ে প্রায় গোটা দিন ব্যয় করে খাদ্য কিনতে হয় যা দিন এনে দিন খাওয়া মানুষগুলোর জন্য খুবই কঠিন। উপরন্তু বিক্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত খাদ্য না থাকায় অনেক সময় তাদেরকে খালি হাতেই ফিরে আসতে হয় এবং খাদ্যের মান নিয়েও তাদের অভিযোগ রয়েছে।

সার্ভে এবং বিভিন্ন গবেষণাপত্র বিশ্লেষণ এবং গবেষকের নিজস্ব পর্যবেক্ষণ অনুসারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে অপ্রত্যাশিত প্রাকৃতিক দুর্যোগে খাদ্য উৎপাদন হ্রাস পাওয়া; মধ্যস্বত্বভোগী খাদ্য ব্যবসায়িদের কৃত্রিম খাদ্য সংকট সৃষ্টি করা; বাজার নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রতিষ্ঠানিক দূর্বলতা ও ব্যর্থতা; দুর্ণীতি এবং কায়েমি স্বার্থ; খাদ্য দাহিদা ও যোগানের নির্ভরযোগ্য তথ্যের অভাবে সঠিক উৎপাদন ও আমদানি পরিকল্পনার অভাব; ভোক্তা কর্তৃক আতঙ্কিত ক্রয় ইত্যাদি।

একটি জাতীয় ”দাম কমিশন” গঠন করা, টিসিবি-কে আরও দক্ষ ও কার্যকরী করা, অভ্যন্তরীণ উৎপাদন এবং আমদানী নিয়ন্ত্রণের মাধ্যমে দক্ষ সরবরাহ ব্যবস্থাপনা, মধ্যস্বত্বভোগী ও অবৈধ মজুদদারীর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সর্বোপরি সরকারের সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় শক্তিশালীকরণসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করা খাদ্যমূল্য নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরী।

কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, প্রতিনিয়ত খাদ্য সংকটে ভোক্তভোগী মানুষগুলো এরূপ খাদ্য সংকটকে তাদের নিয়তি হিসেবেই মেনে নিয়েছে। সংখ্যায় অত্যন্ত কম হলেও ২% উত্তরদাতা মনে করে খাদ্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের কিছুই করার নেই এবং ১৯% উত্তরদতার মতে সরকারের করনীয় সম্পর্কে তাদের কোন ধারণা নেই। এই তথ্য প্রমাণ করে যে, এখনও অনেক মানুষ খাদ্যকে তাদের অধিকার হিসেবে ভাবতে অভ্যস্ত নয়। যার ফলে, সকল সরকারও এমন একটি অতীব জরুরী বিষয়কে দায়সারাভাবে মোকাবিলা করে থাকে। এর প্রধান কারণ হিসেবে দেশে একটি ”খাদ্য ও পুষ্টি অধিকার আইন”-এর অনুপস্থিতিকে চিহ্নিত করা যায় যা কিনা রাষ্ট্রের সকল নাগরিক বিশেষ করে দরিদ্র নাগরিকদের মৌলিক মানবাধিকার হিসেবে খাদ্য ও পুষ্টির অধিকারকে গ্রাহ্য করা, সুরক্ষা দেওয়া এবং সর্বোপরি পূরণ করার আইনি বাধ্যবাধকতা দিবে।

খাদ্য ও পুষ্টি নিরাপত্তার দিক থেকে বাংলাদেশ বৈশ্বিক মানদন্ডে অনেক পিছিয়ে রয়েছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিওএফপি ২০২০) তথ্যমতে বাংলাদেশে প্রায় ৪ কোটি মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগে এবং প্রায় ১.১ কোটি মানুষ তীব্র ক্ষুধা নিয়ে দিনাতিপাত করে থাকে। দেশে পাঁচ বছরের কম বয়সী মোট ৫৫ লক্ষ শিশু দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভোগে থাকে ।
২০১৯ সালে দি ইকোনোমিস্ট গ্রুপের ইনটিলিজেন্ট ইউনিট একটি গবেষণার মাধ্যমে ১১৩ টি দেশের খাদ্য ক্রয়ক্ষমতা, প্রাপ্যতা, এবং নিরাপদ খাদ্য ও পুষ্টি ইত্যাদি বিষয়গুলোকে বিবেচনায় নিয়ে একটি ’গ্লোবাল ফুড সিকিউরিটি ইনডেক্স -২০১৯’ প্রণয়ন করে। উক্ত সূচকে ১১৩ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৩তম (স্কোর ১০০-এর মধ্যে ৫৩.২) যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, নিরাপদ খাদ্য ও পুষ্টি মানদন্ডে বাংলাদেশের অবস্থান ১১৩ দেশের মধ্যে ১০৭তম (স্কোর ১০০এর মধ্যে মাত্র ৩০.৬) যা অত্যন্ত হতাশাব্যঞ্জক।

তবুও আশার কথা হচ্ছে, ২০০০ সালের পর থেকে বাংলাদেশ চাল উৎপাদনে ঘাটতির দেশ থেকে উদ্বৃত্তের দেশে উত্তীর্ণ হয়েছে যদিও প্রতিবছর ক্রমবর্ধমান হারে চাল আমদানি করা হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০২০ আমাদেরকে এই মজার তথ্য দেয় যে, ২০১৮-১৯ অর্থবছরে দেশে প্রায় ৩ কোটি ৭৪ লক্ষ টন চাল উৎপাদিত হয় এবং দানাদার খাদ্যের চাহিদার তুলনায় প্রায় ১.৫ কোটি টন খাদ্য উদ্বৃত্ত হওয়া সত্ত্বেও সেবছর প্রায় ৫৭ লক্ষ টন চাল আমদানি করা হয় ।

অপ্রত্যাশিত হলেও বাস্তবতা এই যে, চাল ছাড়া অন্য কোন খাদ্যদ্রব্যের ক্ষেত্রে তেমন কোন নির্ভরযোগ্য ও হালনাগাদ চাহিদা নিরূপণ চর্চা করা হয় বলে জানা যায়না। তদুপরি, চালের চাহিদার ক্ষেত্রে যতটুকু তথ্য পাওয়া যায় তার যথার্থতা নিয়েও গুরুতর সন্দেহ রয়েছে। খাদ্যদ্রব্যের চাহিদা ও যোগানের সঠিক তথ্য ছাড়া কোন দেশের পক্ষেই মূল্য সম্পর্কে আগাম ধারণা করা সম্ভব নয়। এমতাবস্থায়, অসদুপায় অবলম্বন এবং কারসাজির মাধ্যমে বাজারকে অস্থিতিশীল অপচেষ্টা দূর করা অসম্ভব ব্যাপার। (ইসলাম, এস. ও মুক্তা, জেড. এইচ. ২০১১) ।

উপর্যুপরি প্রকৃতিক দুর্যোগ, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগ, রাসায়নিক সারের অত্যাধিক ব্যবহারের ফলে মাটির উর্বরা শক্তির হ্রাস, জলবায়ু পরিবর্তনজনিত কারণে ফসলের রোগব্যাধি বৃদ্ধি, কৃষিজমির ক্রমহ্রাস, জৈবজ্বালানী ও প্রাণিখাদ্য হিসেবে খাদ্যদ্রব্যের ব্যবহার ইত্যাদি কারণগুলো এদেশের খাদ্য উৎপাদন অস্থিতিশীল হওয়ার জন্য প্রধানত দায়ী। এরূপ অস্থিতিশীল উৎপাদন অভ্যন্তরীণ খাদ্য স্থায়িত্বকে বিঘ্নিত করে যা দরিদ্র মানুষের ওপর মারাত্মক বিরূপ প্রভাব ফেলে।

সুপারিশমালা:
কোন নির্দিষ্ট সময়ে একটি দেশের অত্যাবশ্যক খাদ্যপণ্যের চাহিদা মুটামুটি স্থিতিশীল থাকার কথা। কাজেই স্বাভাবিক পরিস্থিতিতে দক্ষ সরবরাহ ব্যবস্থাপনাই খাদ্যমূল্য স্থিতিশীল রাখার ক্ষেত্রে প্রধান নিয়ামক বলে ধরে নেওয়া যায়। শক্তিশালী নীতি ও প্রতিষ্ঠানিক অস্ত্র/ইন্সট্রুমেন্ট/কাঠামো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সক্ষমতা দক্ষ সরবরাহ বা বন্টন ব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যাবশ্যক। আরও সুনির্দিষ্টভাবে বললে অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন এবং আমদানি নিয়ন্ত্রণ সরবরাহ বা বন্টন ব্যবস্থাপনার জন্য অতীব জরুরী।

কিন্তু পরিতাপের বিষয় এই যে, দেশে খাদ্য-চাহিদা ও যোগানের নির্ভরযোগ্য তথ্যের মারাত্মক অভাব লক্ষ করা যায়। অধিকন্তু দেশের খাদ্য উৎপাদন অনেকাংশে জলবায়ুর ওপর নির্ভরশীল যা হালে অস্বাভাবিক দ্রুততার সাথে পরিবর্তিত হচ্ছে। ক্ষুদ্র উৎপাদকদের জন্য লাভজনক মূল্য নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন নিশ্চিত করা অতীব জরুরী। এমতাবস্থায়, অত্যাবশ্যক খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য নিম্নরূপ ব্যবস্থাসমূহ গ্রহণ করা অত্যন্ত জরুরী।

১. অবিলম্বে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) কর্তৃক গৃহীত খাদ্য অধিকার গাইডলাইন (আরটিএফজি), ভূমি-জলা-বনভূমির দ্বায়িত্বশীল শাসন সংক্রান্ত ভলান্টারি গাইডলাইন (ভিজিজিটি), দায়িত্বশীল কৃষি বিনিয়োগ নীতিমালা (আরএআই)- ইত্যাদির আলোকে একটি ”খাদ্য ও পুষ্টি অধিকার” আইন প্রণয়ন করা যা দরিদ্র মানুষের খাদ্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে রাষ্ট্রযন্ত্রকে আরও বেশি দায়িত্বশীল করে তুলবে।

২. ক্ষুদ্র খাদ্য উৎপাদকদের স্বার্থ সংরক্ষণে একটি পরিবেশসম্মত ও উৎপাদকবান্ধব খাদ্য-ব্যবস্থা গড়ে তুলার লক্ষ্যে চিরায়ত ও দেশীয় খাদ্য-ব্যবস্থার প্রতি যথাযথ শ্রদ্ধা প্রদর্শণ ও গুরুত্ব প্রদান করা।

৩. ক্ষুদ্র উৎপাদকদের উৎপাদিত খাদ্যপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করা এবং অভ্যন্তরীণ খাদ্য উৎপাদন ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে এসএসএফ গাইডলাইন ও সিএফএস-আরএআই নীতিমালা -এর আলোকে ক্ষুদ্র উৎপাদকদের স্বার্থ সংরক্ষণপূর্বক বাণিজ্যিক কৃষিতে টিকে থাকতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা।

৪. নিম্ন-আয়ের মানুষের জন্য চাল, ডাল, গম, আলু, পেঁয়াজ, তেল ইত্যাদি অত্যাবশ্যক খাদ্যপণ্যগুলো রেশনের মাধ্যমে স্বল্পমূল্যে সহজলভ্য করা।

৫. অত্যাবশ্যক খাদ্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে একটি ”দাম কমিশন” গঠন করা।

৬. ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি), বাংলাদেশ বিপণন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ইত্যাদি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানসমূহের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি করা।

৭. খোলাবাজারে খাদ্য বিক্রয় (ওএমএস) কার্যক্রমকে আরও কার্যকর করতে টিসিবিকে আরও দক্ষ ও শক্তিশালী করা।

৮. জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ফসল উৎপাদন ব্যহত করতে পারে এমন প্রকৃতিক দুর্যোগসমূহের আগাম বার্তা প্রদান কার্যক্রম শক্তিশালীকর।

৯. সঠিকভাবে অভ্যন্তরীণ চাহিদা ও যোগান নিরূপন সাপেক্ষে খাদ্য ঘাটতি পূরণে যথাসমযে সঠিক পরিমাণে খাদ্য আমদানির ব্যবস্থা করা।

১০. আন্তর্জাতিক খাদ্য বাজারকে তীক্ষ্ণ মনিটরিং-এর আওতায় এনে সম্ভাব্য খাদ্য সংকটের আগাম তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

১১. বেআইনি মজুদদারী, কালোবাজারি, খাদ্য-বাজার-সিন্ডিকেট, ভেজাল ইত্যাদি রোধে আইনশৃংখলা বাহিনী ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কর্তৃক কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।

১২. খাদ্য উৎপাদন, বিপণন, আমদানি-রপ্তানী বাণিজ্য, মূল্য নির্ধারণ, চাহিদা ও যোগান নিরূপণ ইত্যাদি কাজে জড়িত সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসমূহের মধ্যে নিবিড় সমন্বয় সাধন করা।

—-০—