Aug 8, 2025 | কবিতার খাতা
জীবনটা যেন আকাশের মত
দুচোখের সীমানাজুড়ে অসীম শুণ্যতা
ক্ষণে ক্ষণে বদলায় রঙ, রূপ।
গোধুলি বেলায় স্বর্ণালী মেঘ-সন্ধায়
রাঙা আভায় ঝলকানো চারিধার
জুড়ায় নয়ন নেচে উঠে মন।
কখনো সুনীল জমিনে
থরে থরে সাজানো তাঁরার বাগান
কখনো বা বসে হেথা চাঁদেরহাট
ভেসে বেড়ায় সাদা মেঘের ভেলা।
কখনো ছেয়ে যায় কাজলকালো মেঘে
ঝড়-ঝঞ্জা, কালবোশেখি তছনছ করে সব
একে একে নিভে যায় সব আলো
নিকস কালো আধারে ঘিরে ধরে চারিধার।
এমনি বহুরূপি জীবন-আকাশ
সেই আকাশেই মানবের চির পথচলা।
———————–
ঢাকা, ২৪.৫.২০১৮
Aug 8, 2025 | কবিতার খাতা
মাঝে মাঝে যেন পাই মরণের আলিঙ্গণ
মনে হয় এই বুঝি সব শেষ।
হতাশার শকুনেরা ঘিরে ধরে চারিধার।
কিছুই হলোনা করা যা কিছু করার ছিলো
কিছুই হলোনা বলা যা কিছু বলার ছিলো।
চাইনি তো আমি খুব বেশি কিছু
সবাই যা চায়, ছুটে নিরন্তর যার পিছু
চাইনি তো কভু তেমন কিছু।
শুধু দুচোখ জুড়ে স্বপ্ন ছিলো
রেখে দিয়ে যাব খানিক পদচিহ্ন
পৃথিবীর বুকে, যাতে অনাদিকালের মানুষ
হয়তো একটু কৌতূহল ভরে জিজ্ঞাসিবে
এ কাহার পথচলা, কে সেই পথিক!
গুরুর কথা শিরোধার্য মেনে
এই কণ্টকাকীর্ণ ধরণীর পথ হতে
দু’একটি কাঁটা দূর করে দিয়ে ছুটি নেব
এর চেয়ে বেশি কিছু চাইনিতো কভু।
তবু ক্ষমা করো প্রভু ভুল যদি করে থাকি কিছু
যদি এই চাওয়া হয় খুব বেশি কিছু।
পাই কি বা না পাই কিছু, এই জীবনরথে
সবাই যে যাবে, যেতে হবে একই পথে।
—————
১২.৫.১৮
হাসান ক্লিনিক, ঝিনাইদহ
Aug 8, 2025 | কবিতার খাতা
বাংলা নববর্ষ কি আমাদের?
হিন্দুর না মুসলিমের?
মঙ্গল শোভাযাত্রা কার উৎসব?
এই বাদানুবাদ চলছে অবিরাম।
বিভক্ত জাতির বিভক্তির দেয়াল
দৃঢ় থেকে হচ্ছে দৃঢ়তর।
বাড়ছে হিংসা-বিদ্বেষ, জঙ্গীপনা।
মনে নিয়ে ভয়-ভীতি অনুক্ষণ
কিসের উৎসব তবে!
বারো মাসে তের পার্বণের দেশে
কোন উৎসবটা মুসলমানের?
কোনটা হিন্দুর, বৌদ্ধের বা খৃস্টানের?
কোনটা নিখাদ ধর্মীয় কোনটা বা সকলের?
বহমান কালের ধারায়
উৎসবে মিশেছে ধর্মাচার
উৎসব আর ধর্ম মিলেমিশে একাকার
হয়ে গেছে প্রশ্নহীনভাবে।
উৎসবের কি ধর্ম আছে কোন?
নিরেট আনন্দ দান ছাড়া?
আমাদের বহু পরিচয়, বহু বিশ্বাস
মিলেমিশে যায় উৎসবে
কেন আজ এত প্রশ্ন তবে?
চৈত্র-সংক্রান্তি, নববর্ষ,
পৌষ-পার্বণ, নবান্ন
জারি-সারি-ভাটিয়ালি, পালাপার্বণ
নাচগান, যাত্রাপালা কিংবা
হালের ব্যান্ড সঙ্গীত, নাটক, চলচ্চিত্র
কোনটা মুসলমানের জন্য?
কোনটা হিন্দুর, কোনটা বা অন্যের?
তবে হ্যা, প্রশ্ন যখন উঠেছে আজ
উৎসবের রূপ-রং-সাজ
ধর্মীয় প্রভাব মুক্ত হয়ে
সার্বজনীন হয়ে উঠুক
নির্মল আনন্দের উৎস হউক
যা এ অস্থির, বিষময় সমাজে
সুস্থ্যতার সাথে বেঁচে থাকার জন্য
বড্ড বেশি প্রয়োজন।
————————
ঝিনাইদহ।। ০১ বৈশাখ ১৪২৫
Aug 8, 2025 | কবিতার খাতা
ভয়াবহ বেকারত্বের এই দেশে
জরুরী কোটা ব্যবস্থার সংস্কার।
আরও জরুরী কর্মসংস্থান সৃষ্টি।
কিন্তু কিভাবে হবে তা?
সরকারী চাকুরীর পদ ক’টা
কোটি কোটি বেকারের তুলনায়?
কিংবা যে সরকারি চাকরীর নামের
সোনার হরিণের পিছে ছুটে চলা
কিংবা বয়স সীমা ৩৫ বছর করার দাবী
কতটা লাভ তাতে।
আর কে না জানে সরকারী চাকুরীর
লোভনীয় সব মুলোর কথা
কাজ না করেও আয়, উপরি আয়ের কথা।
সরকারি সেবার মান সে কার না জানা?
ভয়াবহ বেকারত্বের এই দেশে
জরুরী কোটা ব্যবস্থার সংস্কার।
আরও জরুরী কর্মসংস্থান সৃষ্টি।
কিন্তু কিভাবে হবে তা?
শিল্পায়ন, সরাসরি বিদেশি বিনিয়োগ
কতটা কী হয়েছে আর কতটাই বা হবে?
কৃষি, গার্মেন্টস আর শ্রমিক রপ্তানীর আয়
এই তো সার দেশের অর্থনীতির?
কর্মসংস্থান সৃষ্টির কর্মসূচি কই
ঘরে ঘরে চাকরীর নিশ্চয়তা কই
ক্ষমতায় যারা কিংবা ক্ষমতা প্রত্যাশী
কি তাদের কর্মসূচি কর্মসংস্থান সৃষ্টির।
সেগুলো জানাটাও জরুরী অনেক।
——————————–
ঝিনাইদহ: ১০.০৪.২০১৮
Aug 8, 2025 | কবিতার খাতা
স্বাধীনতা তুমি
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামের
কুচকাওয়াজ শুধু নয়,
ঘুমপাড়ানি কথামালা নয়, গলাবাজি নয়
স্বপ্নহীনতা আর অজ্ঞানতার আধার নয়
বৈষম্যহীনতার কাগুজে চেতনা নয়,
ক্ষুধা নয়, দারিদ্র নয়
অশিক্ষা, কুশিক্ষা নয়
স্বার্থের তরে কুকুরের কাড়াকাড়ি নয়,
তুমি নতুন প্রজন্মের জন্য
বাসযোগ্য বাংলাদেশ গড়ার
সুতীব্র অঙ্গীকার নিয়ে এসো।
তুমি এমন স্বদেশ দাও
চিত্ত যেথা ভয়শূন্য উচ্চ যেথা শির।
কে দিবে কার কাছে চাই!
তুমি যে বিমূর্ত হে স্বাধীনতা!
যায়না ধরা যায়না যে ছোঁয়া।
————————–
ঝিনাইদহ: ২৬.৩.২০১৮
Aug 8, 2025 | কবিতার খাতা
বাহঃ ঘুম দিবসও আছে তাহলে!
দারুণ তো!
জীবনের যত ক্লান্তি-শ্রান্তি
দুঃখ-ব্যথা-গ্লানি যত
যত আছে অশান্তি-অসুখ
যাতনা-যন্ত্রণা আছে যত
নিমেশেই মুছে যায়
যার শান্তিময় ক্রোড়ে
সে হচ্ছে ঘুম স্বস্তিময়।
বেদনার খা খা রুদ্দুরমাখা
ক্লান্ত দিবস শেষে
অস্ত গেলে দিনমনি
ক্লান্ত দুটি আঁখিপাতে
নেমে আসে ঘুম
জগতজুড়ে মহাশাস্তিময়।
—————-
ঝিনাইদহ: ১৫.৩.২০১৮