মানুষ হওয়া কারে বলে

 

আমারতো রয়েছেই উলম্ব দেহের গড়ন,

চলি দুই পায়, আছে দুটি হাত,

খাইনাতো লতা-গুল্ম-ঘাস,

আছে হাসি-ক্রন্দন আছে প্রেমময় মন,

আছে বুকভরা আশা, দুচোখে স্বপন

আমি বাধি ঘর লয়ে আপনজন।

 

জ্ঞান-গরিমা, বুদ্ধিতে আমিই জীবশ্রেষ্ঠ।

একদা অসহায় এই আমারই দর্পে আজ

বিশাল ডাইনোসর থেকে সর্প বিষধর

সিংহ, ব্যঘ্র যত হিংস্র চতুষ্পদ

দিনে দিনে হচ্ছে বিলীন, অন্তরীন।

গোটা জীবজগৎ, ভুমন্ডল আজ

লোটায আমারই যুগল পদতলে।

 

এ ধরাভূমে আমিই শ্রেষ্ঠ, আমিই সত্য

সর্বত্র আমারই একচ্ছত্র আধিপত্য

জগতের যা কিছু সম্পদ স্থাবর, অস্থাবর

সব আমারই ভোগ্য, আমারই সব

মানুষ হয়েছি আমি গড়েছি নাকি সভ্যতাও।

 

তবুও তোমরা যে বলো মানুষ হতে

মানুষ হওয়া কারে বলে, কোন পথে।